Patuakhali লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Patuakhali লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২১ মার্চ, ২০১২

গঙ্গামতি, কুয়াকাটা

0 মন্তব্য(গুলি)
দেশের সর্বদক্ষিণের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে গঙ্গামতির অবস্থান। কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পূর্ব দিকে মাত্র ১০ কিলোমিটার।
গঙ্গামতি সৈকতের বৈশিষ্ট্য: রামনাবাদ নদী ও বঙ্গোপসাগর মোহনায় এ সৈকত দেখতে অনেকটা ইংরেজি এস আকৃতির। এর দৈর্ঘ্য ১২ কিলোমিটার, প্রস্থ হবে দুই কিলোমিটারের মতো। তা ছাড়া সৈকতের সঙ্গে দুই হাজার একরেরও বেশি খাসজমি রয়েছে।

কুয়াকাটা সৈকত থেকে পর্যটকদের অনেকে এখানে এসে থাকেন। বন বিভাগের এক হাজার ৩৩৮ একর জমি নিয়ে সংরক্ষিত বনাঞ্চলটি গঙ্গামতির বাড়তি আকর্ষণ। সংরক্ষিত এ বনাঞ্চলে রয়েছে বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণী। এ সৈকতের বালুমহাল ঢেকে রেখেছে প্রাকৃতিক লতাগুল্ম। এককথায় বলতে গেলে প্রকৃতি সৈকতটিকে যেন নিজেকে সাজিয়েছে আপন করে।

গঙ্গামতি সৈকতের কারুকার্যময় বেলাভূমি, আর সেই বেলাভূমিতে দেখা যাবে হাজার হাজার লাল কাঁকড়ার বিচরণ। ছোট ছোট ঢিবি বানিয়ে এরা এখানে নিরাপদ আবাস গড়েছে। সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ঝিনুক। শীত মৌসুমে এ সৈকতের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে অতিথি পাখির সমাবেশ। এখানে জেলেদের আনাগোনাও কম নয়। পাশের মৌডুবি, বড় বাইশদিয়া, ছোট বাইশদিয়া, ভোলা, গলাচিপা এমনকি কক্সবাজারের মহেশখালীর জেলেরা নোঙর করে গঙ্গামতিতেই।

গঙ্গামতির সৌন্দর্যকে পরিপূর্ণ করেছে ‘গঙ্গামতি খাল’, যা গঙ্গামতি সৈকতের একেবারে পশ্চিম দিকে। এটি গঙ্গামতি ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে দুই ভাগ করেছে। সাগরগর্ভ থেকে বেরিয়ে এসে এ খালটি চলে গেছে গঙ্গামতির সংরক্ষিত বনের মধ্য দিয়ে পূর্ব দিকের কাউয়ার চর গ্রামে। এই খালে নৌকা ভ্রমণ করা যায়। খালের স্বচ্ছ জলাধার আর তার দুই তীরের প্রকৃতির অপরূপ শোভায় মন ছুঁয়ে যায়।

লেখকঃ নেছারউদ্দিন আহমেদ, কলাপাড়া; পটুয়াখালী

বুধবার, ৯ মার্চ, ২০১১

কুয়াকাটা

2 মন্তব্য(গুলি)
বাংলাদেশের মানচিত্রের সবচাইতে দক্ষিণে সাগরকন্যা কুয়াকাটা। প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রসৈকতের বেলাভূমিতে দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যোদয়-সূর্যাস্তের অপরূপ দৃশ্য। ভোরবেলায় দেখবেন আগুনের গোলার মতো সূর্যটা ধীরে ধীরে জেগে উঠছে। আবার গোধূলিতে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে সাগরের বুকে।
কক্সবাজার দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হলেও শীতের মৌসুমে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা দেখে মনে হয় আরেকটা কক্সবাজার। এখানকার সমুদ্রে ঢেউ কম, বাতাসের গর্জনও তেমন নেই। পর্যটকদের কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল, খাবারের দোকান ও স্যুভেনির শপ।
সমুদ্রসৈকতের পশ্চিম দিকে ম্যানগ্রোভ বন শুরু হয়েছে। কাছাকাছি অবস্থিত এই সংরক্ষিত ফাতরার বন ইতিমধ্যে দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে রয়েছে কেওড়া, গেওয়া, সুন্দরী, ফাতরা, গরান, বাইন, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ এবং বানর, শূকরসহ অসংখ্য জীবজন্তু ও পাখি। সমুদ্রসৈকত থেকে ইঞ্জিনচালিত বোটে এক ঘণ্টার যাত্রাপথে ফাতরার বনে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তিন ঘণ্টার প্যাকেজে ভাড়া জনপ্রতি ১০০ টাকা। এটা এক চমৎ কার অভিজ্ঞতা। বিশেষ ব্যবস্থায় সুন্দরবনেও যাওয়া যায়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে পর্যটনকেন্দ্র কুয়াকাটা অবস্থিত। ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার, বরিশাল থেকে ১০৮ কিলোমিটার। ঢাকা থেকে সরাসরি বাসযোগে কুয়াকাটা যাওয়া যায়, ভাড়া ৫০০ টাকা। আবার বরিশাল পর্যন্ত লঞ্চে এসে সেখান থেকে বাস বা মাইক্রোবাসেও আসা যায়। লঞ্চে সিঙ্গেল কেবিন ভাড়া ৬০০ টাকা। বরিশাল থেকে যাত্রাপথে আমতলীর পর থেকে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা বর্তমানে খারাপ। যাত্রাপথে অনেকটা রোলারকোস্টারের অনুভূতি পাওয়া যায়।
কুয়াকাটার ইতিহাসে মিশে আছে রাখাইন আদিবাসী সম্প্রদায়। ২৩০ বছর আগে তৎ কালীন বার্মার আরাকান থেকে রাখাইন সম্প্রদায় জাতিগত কোন্দলের কারণে কাঠের নৌকাযোগে সমুদ্রে পাড়ি দিয়ে এখানে আস্তানা গাড়ে। তারাই এ অঞ্চলকে আবাসযোগ্য করে। দেশের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরটি কুয়াকাটার মিস্ত্রিপাড়ায় অবস্থিত। কুয়াকাটা থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে ৩৬ ফুট উঁচু গৌতম বুদ্ধের এই ধ্যানমগ্ন মূর্তিটি দেখার মতো।
কুয়াকাটায় দেখার আরেক আকর্ষণ শুঁটকিপল্লি। ইলিশ, রূপচাঁদা, হাঙর, লইট্যা, শাপলাপাতাসহ অসংখ্য প্রজাতির মাছ রোদে শুকিয়ে শুঁটকি বানিয়ে বিদেশে রপ্তানি করা হয়। বিশাল এলাকায় চ্যাঙ বানিয়ে শুঁটকি তৈরির পদ্ধতি দেখা আরেক মজার অভিজ্ঞতা। কিছু শুঁটকি কিনেও আনা যায়।
আরও দেখতে পারেন, ইকোপার্ক, ঝাউবন, গঙ্গামতী লেক, লেবু চর, ক্র্যাবল্যান্ড (তুফানের চর), সোনার চর, নারকেল বাগান। রাখাইন মহিলা মার্কেটে তাদের হস্তশিল্প দেখতে পারেন। কক্সবাজারের মতো ঝিনুক মার্কেট রয়েছে। কুয়াকাটার স্মৃতি ধরে রাখতে কিছু কিনতেও পারেন।

-আনোয়ারুল ইসলাম

মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০১১

রাখাইন বৌদ্ধ মন্দির

0 মন্তব্য(গুলি)
কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। সৈকতের কাছেই উপজাতি রাখাইন সম্প্র্রদায়ের কেরানীপাড়া। এ পাড়ার বাসিন্দারা অতিথিপরায়ণ। তাদের সম্মান দেখালে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে নিয়ে যায় তাদের পাড়া-মহল্লা। সেখানেই আছে সীমান বৌদ্ধ মন্দির। কেরানীপাড়ার পাশে খানিকটা উঁচু টিলার উপর এর অবস্থান। জুতা খুলে ঢুকতে হয় মন্দিরে। মন্দিরের ভেতরে স্থাপিত রয়েছে নবম ধাতুর তৈরি সাড়ে ৩৭ মণ ওজনের ধ্যানমগ্ন বৌদ্ধ দেবের মূর্তি। জানা গেছে, মন্দিরের নির্মাণ সৌন্দর্যে চীনের স্থাপত্য অনুসরণ করা হয়েছে। দেখে মনে হবে থাইল্যান্ড বা মিয়ানমারের কোনো মন্দির। মন্দিরের ভেতরে ভাবগম্ভীর পরিবেশ। বেদির সামনে জ্বলছে আগরবাতি আর মোমবাতি। এর পাশে ত্রিপিটকসহ অন্যান্য উপাসনার সামগ্রী বেদির ওপর সাজানো রয়েছে। প্রায় সাড়ে তিন ফুট উঁচু বেদির ওপর মূর্তিটি স্থাপন করা হয়েছে। বৌদ্ধ ধর্মের আড়াই হাজার বছর পূর্তি উপলক্ষে ৮৩ বছর আগে এ নবম ধাতুর মূর্তিটি ওই স্থানে স্থাপন করা হয়। পৌনে ৭ ফুট উচ্চতার এ বৌদ্ধ মূর্তিটি স্থাপন করেন উপেংইয়া ভিক্ষু। তখন মন্দিরের দায়ক ছিলেন বাছিন তালুকদার। তৎকালীন সময় তিনি এ অঞ্চলের উপজাতি রাখাইন সম্প্রদায়ের তেজস্বী নেতা হিসেবে পরিচিত ছিলেন। বাছিন তালুকদার ২০০০ সালে মারা যান। এরপর তার বড় ছেলে মংচুমিং তালুকদার মন্দির পরিচালনার দায়িত্ব পান।

কুয়াকাটা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে আরেকটি উপজাতি রাখাইন সস্প্রদায়ের বসতি মিস্ত্রিপাড়া। এ পাড়ায় উপমহাদেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি রয়েছে। এ মূর্তিটির উচ্চতা ৩৫ ফুট। এ মন্দিরের সামনেই সিমেন্ট দিয়ে দুটি বাঘ তৈরি করা হয়েছে। দেখে মনে হয় যেন জীবন্ত ওই বাঘ দুটি মন্দিরকে পাহারা দিচ্ছে। কুয়াকাটা যাওয়ার পথেই সবচেয়ে রাখাইন সম্প্রদায়ের লোকজনের ঘনবসতি আমখোলাপাড়া নজরে পড়বে। এটিও একটি চমৎকার বৌদ্ধ বিহার। এখানেও ছোট-বড় মিলিয়ে ১৬-১৭টি বুদ্ধ মূর্তি রয়েছে। এ পাড়ায় শতাধিক রাখাইন পরিবার বসবাস করছে। উপজাতি রাখাইনদের জীবনযাত্রা দেখতে হলে এ পাড়াটিই হচ্ছে আদর্শপাড়া। এ পাড়ায় রাখাইন নারীদের তাঁত বুনুন, পিঠা তৈরিসহ তাদের নিজস্ব সংস্কৃতি-কৃষ্টি সম্পর্কে জানা যায়। কুয়াকাটা সংলগ্ন কেরানীপাড়ার প্রবীণ রাখাইন আদিবাসী অংকুজা তালুকদার জানান, আমরা রাখাইন সম্প্রদায় দক্ষিণ উপকূলীয় এলাকার আদিবাসী। সমুদ্র উপকূলবর্তী পটুয়াখালী জেলার কলাপাড়া, কুয়াকাটা, রাঙ্গাবালি, পার্শ্ববর্তী উপজেলার তালতলী এলাকায় প্রথম বসতি গড়েছি। তার আগে এলাকাটি ছিল দুর্গম গভীর বনজঙ্গলে ঘেরা। ওই জঙ্গলে ছিল বাঘ, ভালুকসহ হিংস্র শ্বাপদকূলের অবাধ বিচরণ। বন্য হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের লেজা, সড়কি, ছেনা নিয়ে দিনরাত পাহারা দিতে হতো।

আদিবাসী রাখাইন সম্প্র্রদায়ের লোকজনই এ জনপদে প্রথম বসতি স্থাপন গড়ে। সাধারণত এ এলাকার লোকজনের কাছে এরা 'মগ' নামে পরিচিত। মগরা পর্তুগিজ জলদস্যুদের সঙ্গে কোনো একসময় উপকূলবর্তী এলাকায় লুটপাট চালাত। রাখাইন আসলে মগ নয়। এ নামে তাদের কেউ সম্বোধন করলে তারা খুব অপমান বোধ করে।

কলাপাড়া বুড্ডিষ্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ নেতা বাবু উসুয়ে হাওলাদার জানান, আদিবাসী রাখাইন সম্প্রদায় এ উপকূল এক সময় আবাদ করে মানুষের জন্য বাসোপযোগী করে তুললেও আজ আমরা অবহেলিত। বাঙালি ভূমিদস্যুদের দখলের কারণে আমাদের এলাকা ছাড়তে হচ্ছে। দিন দিন আমাদের ঐতিহ্য এবং অস্তিত্ব বিলীন হতে চলেছে। সরকারের উচিত আমাদের ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষা করা।

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১০

বাউফল

0 মন্তব্য(গুলি)
বাউফল উপজেলার ঐতিহাসিক পুরার্কীতিগুলো এখন প্রায় ধ্বংসের পথে। এখানকার উল্লেখযোগ্য কীর্তিগুলো হচ্ছে : চন্দ্র দ্বীপ রাজ্যের রাজধানী কচুয়া, কমলা রানীর দীঘি, ঘষেটি বিবির মসজিদ, তমিরুদ্দিন আউলিয়ার মাজার, কালিশুরীতে সৈয়দ আরেফিনের মাজার ও আদি যুগের মেলা, মদনপুরা গ্রামের ঢোল সমুদ্র দীঘি, কাছিপাড়া কানাই বলাই পুকুর, বগাতে ভারতবর্ষের সুপ্রাচীন চালের গোলা এবং বিলবিলাসে শেরেবাংলার পূর্ব পুরুষের মাজার। এসব কীর্তি যথাযথ রক্ষণাবেক্ষণ, সংস্কার এবং সংরক্ষণের ব্যাপারে সংশ্লিষ্ট মহলের উদ্যোগ নেই, এমনকি নামফলকও দেওয়া হয়নি। এরই মধ্যে কোনো কোনো স্থানের স্থাপত্য নিদর্শনের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। দু'চারটি যা আছে তাও বিলুপ্তের পথে।


রাজা যশো রাজপাল মায়ের আদেশে বিশাল আকৃতির দীঘি খননের কাজ শুরু করেন। মায়ের আদেশ ছিল দীঘির তলদেশ হতে ঢোলের শব্দ শোনা মাত্র দীঘি খননের কাজ বন্ধ করতে হবে। যখন ঢোলের শব্দ শোনা গেছে তখন দীঘির খনন কাজ বন্ধ হয়ে যায়। বিশালাকায় অর্থাৎ সমুদ্রের মতো দীঘি নামকরণ হয়েছে ঢোল সমুদ্র দীঘি। দীঘির চিহ্ন এখনো বিদ্যমান।


বিলবিলাসের কাজিবাড়ি ছিল শেরেবাংলা এ কে ফজলুল হকের পূর্ব পুরুষের বাড়ি। আঠারো শতকের দিকে ভগলপুর থেকে শেরবাংলার পূর্বপুরুষ বিচারকের চাকরি নিয়ে বিলবিলাস গ্রামে আসেন। শেরেবাংলার দাদা কাজি আকরাম ১৮২০ সালে বিলবিলাস গ্রামে জন্মগ্রহণ করেন।


কমলারানীর দীঘি থেকে আধা কিলোমিটার দক্ষিণে রাস্তার পাশেই সুউচ্চ বটবৃক্ষের নিচে মাজারটি। দেড় থেকে দুইশ বছর আগে যশোর হতে পাগল বেশে ওই ব্যক্তির এলাকায় আগমন ঘটে। ওই ব্যক্তিকে নিয়ে বহু অলোকিক ঘটনা, কল্পকাহিনী এলাকার প্রবীণদের মুখে মুখে ছড়িয়ে আছে। মাজারে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু নারী-পুরুষ মানত নিয়ে আসে। জানা গেছে, প্রতিবছর চৈত্র মাসে মাজারের পাশে হয়। মাজারে পাশে বসবাস করছেন লালবরু বেগম জানান, তমির উদ্দিন আউলিয়া মারা গেছে ঠিকই কিন্তু এলাকার অনেকেই বিভিন্ন জায়গায় দেখতে পান। আবার চোখের পলকের মধ্যে অদৃশ্য হয়ে যান। এলাকার নিবাসী নয়া মিয়া জানান, আমরা তমির উদ্দিন আউলিয়ার সম্পর্কে দাদা-দাদির কাছে অলৌকিক কাহিনী শুনে আসছি। কিন্তু মাজারটি রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা নেই। মাজার ঘরটি পুরনো হয়ে গেছে। মাজারের পাশে স্তম্ভটি লেখা নেই।


বৃহত্তর বরিশাল, ফরিদপুর ও খুলনা জেলার অংশ বিশেষ নিয়েছিল চন্দ্র দ্বীপ রাজ্য। চতুর্দশ শতকে চন্দ্রদ্বীপ ছিল বাকলা নামে পরিচিত। আর বাকলার রাজধানী বাউফলের কালাইয়া বন্দরের অদূরে কচুয়া নামক স্থানে ছিল। কালের বিবর্তনে ও তেঁতুলিয়ার করাল গ্রাসে রাজধানী কচুয়ার কোনো চিহ্ন নেই। ইতিহাস থেকে জানা যায়, বাকলার রাজধানী থেকে দনুজমর্দন দেব, তার ছেলে রমা বল্লব, তৎপুত্র কৃষ্ণ বল্লবের পর পর্যায়ক্রমে হরি বল্লব, জয়দেব এবং তার কন্যা কমলা রানী এরা ৪০০ বছর চন্দ্র দ্বীপ রাজ্য শাসন করে গেছেন। রাজা জয় দেবের মৃত্যুর পর কন্যা কমলা রানী ১৪৯০ সালে সিংহাসনে বসেন। ওই সময় গৌরের সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। কথিত আছে ৪০০ বছর যারা চন্দ্রদ্বীপ রাজ্য শাসন করেছেন তাদের মধ্যে সর্বগুণসম্পন্ন শেষ্ঠ শাসক ছিলেন কমলা রানী। নারী হয়েও ওই যুগে রাজ্য শাসন করা ছিল অকল্পনীয়। কমলা নেই, আছে শুধু কালের সাক্ষী হয়ে চন্দ্রদ্বীপ রাজ্যের শোর্যবীর্যের স্মৃতিচিহ্ন কমলা রানীর দীঘি। কথিত আছে, কমলার নামেই দীঘির নামকরণ করা হয়েছে। ওই দীঘিতে ডুবেই কমলা মৃত্যুবরণ করেন। দীঘিতে ডুবে কমলার মৃত্যু হওয়ার কারণে ইংরেজ লেখকরা বাউফলকে বউ-ফল নামে অভিহিত করেন। স্ত্রী কমলার নামেই দীঘির নামকরণ করা হয়। দীঘির পশ্চিম পাড়ে শ্বেতপাথর দিয়ে ঘাট বাঁধানো হয়। দীঘি কাটা হলেও আশ্চর্যের বিষয় দীঘিতে পানি ওঠে না।







-সাইফুল ইসলাম, বাউফল

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০১০

কুয়াকাটা সমুদ্র সৈকত

0 মন্তব্য(গুলি)
একই ভ্রমণে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা আর যদি সাগরজলে মজার স্নান করতে চান তাহলে যেতে হবে কুয়াকাটা। এদেশের একটি আকর্ষণীয় সমুদ্র সৈকত এই কুয়াকাটা। বরিশাল বিভাগের শেষপ্রান্তে পটুয়াখালি জেলায় এর অবস্থান। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৮ কিলোমিটার। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এ সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। ঢাকা থেকে সরাসরি স্থল পথে কুয়াকাটা যাওয়া যায়। তবে ভ্রমণে বৈচিত্র্য আনতে চাইলে অবশ্যই লঞ্চে পটুয়াখালি এসে সেখান থেকে বাসে কুয়াকাটা আসতে হবে। আকাশপথে বরিশাল এসেও সেখান থেকে সহজেই আসতে পারেন এখানে। এখানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি মোটেল ছাড়াও ভালো মানের বেশ কয়েকটি হোটেল আছে। এগুলোর প্রতি রাতের ভাড়া ৫০-১৫০০ টাকা। কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো হলো সমুদ্র সৈকত, পশ্চিম সৈকতের শুঁটকি পল্লী, পূর্ব সৈকতের গঙ্গামতির বাঁক ও গঙ্গামতির চর, রাখাইন পল্লী, কুয়াকাটা নামের উৎস প্রাচীন কুয়া ও বৌদ্ধ মন্দির, মিশ্রী পাড়ার বৌদ্ধ মন্দির, ফাতরার চর ইত্যাদি।

মঙ্গলবার, ৬ জুলাই, ২০১০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

0 মন্তব্য(গুলি)
বরিশাল বিভাগীয় শহর থেকে ২৮ কিঃ মিঃ দক্ষিণে পটুয়াখালী জেলা শহর থেকে ১৫ কিঃ মিঃ উত্তরে সাগরকন্যা কুয়াকাটা-বরিশাল মহাসড়কের পাশে আধুনিক কৃষিবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন বিভাগে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে নিয়ে ২০০০ সালের ৮ জুলাই এই দিনে যাত্রা শুরু করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ পটুয়াখালী বিশ্ববিদ্যালয়। দেখতে দেখতে পার হয়েছে এই ক্যাম্পাসের ১০টি বছর। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয়টি আজকের অবস্থানে সমাসীন। কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত বহুবিধ সমস্যা এ বিশ্ববিদ্যালয়কে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে। সহিংস ছাত্ররাজনীতি, দলীয়করণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তীব্র আবাসন সংকট, পরিবহন সংকট, শ্রেণীকক্ষ সংকট, বাজেট ঘাটতি, স্থায়ী যোগাযোগ সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের গতিপথকে করেছে বার বার রুদ্ধ। ফলে বিশ্ববিদ্যালয়টি আজো তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি।

স্থানীয় স্কুলশিক্ষক আলতাফ হোসেনের উদ্যোগে ১৯৭২ সালে ছেলেমেয়েদের উচ্চশিক্ষার দ্বার খুলে দিতে প্রতিষ্ঠা করা হয় ‘জনতা কলেজ’ নামে একটি উচ্চ মাধ্যমিক কলেজ। গোল পাতার ছাউনি দেয়া ঘরে শুরু হয় এই কলেজের কার্যক্রম। দুমকির কৃতি সন্তান ও সাবেক মন্ত্রী এম. কেরামত আলী, পটুয়াখালী কৃষি কলেজের প্রতিষ্ঠাতা। ১৯৭৯ সালে জনতা কলেজটি ডিগ্রি কলেজে পরিণত হয়। ১৯৮৪ সালে তৎকালীন সরকার কলেজটিকে জাতীয়করণ করেন।

বিশ্ববিদ্যালয় হলো যেভাবেঃ ৯০ এর দশকে দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি হয়ে ওঠে পটুয়াখালী কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয় করার। এই লক্ষ্যে স্থানীয়ভাবে গড়ে ওঠে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ। ১৯৯৪ সালের ২২ অক্টোবর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চল সফরকালে লেবুখালী ফেরীঘাটে এক পথসভায় পটুয়াখালী কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নসহ ৫ দফা দাবি উপস্থাপন করেন তৎকালীন কৃষকলীগের কেন্দ ীয় সাধারণ সম্পাদক হারুন-অর- রশিদ হাওলাদার। ১৯৯৭ সালে হারুন-অর-রশিদকে আহবায়ক করে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ নামে একটি কমিটি গঠন করা হয় । এ কমিটির দাবির প্রেক্ষিতে ১৯৯৮ সালের ১৫ মার্চ সরকার পটুয়াখালী কৃষি কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণের ঘোষণা প্রদান করেন এবং ২০০০ সালের ৮ জুলাই পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০০১ সালের ১২ জুলাই জাতীয় সংসদে পবিপ্রবি আইন পাশ হয়। ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারী এক সরকারী প্রজ্ঞাপনের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বাস্তবরূপ লাভ করে।

ক্যাম্পাস পরিচিতিঃ মূল ক্যাম্পাস ৩৮ একর, কৃষি গবেষণা খামার ৩৯ একর ও বহিঃক্যাম্পাস (বাবুগঞ্জ, বরিশাল) ১২.৯৭ একরসহ মোট ৮৯.৯৭ একর জমির উপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সুবিশাল মনোরম ক্যাম্পাস। ক্যাম্পাসের উত্তর-পশ্চিমাংশে অত্যাধুনিক ছাত্র-ছাত্রী হল শোভা পায়। এর পাশেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ ীয় মসজিদ। এবং মসজিদের পাশেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ বা হেলথ কেয়ার সেন্টার। এর উল্টো দিকে রয়েছে গ্রন্থাগার ভবন। একটি প্রশস্ত রাস্তা ক্যাম্পাসের উপর দিয়ে পূর্বের পীরতলা থেকে পশ্চিমের পটুয়াখালী-বাউফল মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করেছে। এ সড়কের দক্ষিণ দিকে শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক ভবন। মূল ক্যাম্পাসের পূর্বদিকে পীরতলা বাজার পেরুলেই ৩৭ একর জমির উপর প্রতিষ্ঠিত কৃষি গবেষণা খামার। আর এখানে রয়েছে ‘সৃজনী বিদ্যানিকেতন’ নামের বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক-মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান।

বর্তমান অবস্থাঃ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাবার পর এ পর্যন্ত সাফল্যের সাথে এ বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে চারটি অনুষদে প্রায় ২০০০ ছাত্র-ছাত্রী, ১৬১ জন শিক্ষক, ৫৮ জন কর্মকর্তা ও ২৫৬ জন কর্মচারী রয়েছে। এখানে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি চালু করায় উচ্চতর শিক্ষার নবদিগন্ত উšে§াচিত হয়েছে। কেবলমাত্র কৃষি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশ ও জাতির সময়োপযোগী চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ে খোলা হয়েছে ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা (বিবিএ) এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদ। তাছাড়া বরিশাল ভেটেরিনারি কলেজকে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে রূপান্তরিত করা হয়েছে এবং মাৎস্যবিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নামে স্বতন্ত্র বিভাগ খোলা হয়েছে।

অত্যাধুনিক শিক্ষা দান পদ্ধতিঃ অত্যাধুনিক শিক্ষা দান পদ্ধতি হিসেবে খ্যাত আমেরিকার ক্রেডিট কোর্স সিস্টেম পদ্ধতি চালু রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয়েই সর্বপ্রথম ২০০২ সালে স্নাতক পর্যায়ে কৃষি শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা চালু করা হয়। হাতে-কলমে শিক্ষা দানের জন্য এখানে রয়েছে ১৪ টি সমৃদ্ধ গবেষণাগার বা ল্যাবরেটরি। রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম সম্বলিত একটি সুবৃহৎ কেন্দ ীয় গবেষণাগার। এটির মাধ্যমে কৃষি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন। কৃষক পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য রয়েছে প্রদর্শনী খামার। বিশ্ববিদ্যালয়ের শেষ অর্থাৎ অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ৪৫ দিনের ইন্টার্নীশীপ বাধ্যতামূলক। স্থানীয় কৃষকদের সাথে হাতে-কলমে কাজ করাই এ ইন্টার্নীশীপের প্রধান লক্ষ্য।

আবাসন ব্যবস্থা ও লাইব্রেরীঃ এ বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম আবাসিক বিশ্ববিদ্যালয়। ছাত্রদের জন্য শের-ই-বাংলা (ডি ১, ডি ২) ও এম. কেরামত আলী হল ও ছাত্রীদের জন্য কবি বেগম সুফিয়া কামাল নামে ১টি ছাত্রী হল রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। দু’তলা বিশিষ্ট লাইব্রেরি ভবনে ৪০ হাজারেরও বেশি বিভিন্ন ধরনের বই, ইন্টারনেট ব্যবস্থা, আন্তর্জাতিক ভলিউম ও সাময়িকী রয়েছে। লাইব্রেরীটিতে সাইবার সেন্টার খোলার জন্য ভিসির প্রচেষ্টায় সম্প্রতি ৩০ টি কম্পিউটার প্রদান করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

উন্নয়ন প্রকল্প ও অগ্রযাত্রার ধারাঃ ভিসির নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারবে।

ছাত্র উপদেষ্টার বক্তব্যঃ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রবিউল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতার ফলে সন্ত্রাস ও সেশনজটমুক্ত ক্যাম্পাস উপহার দিতে পেরেছি।

বুধবার, ১২ মে, ২০১০

রাখাইনদের অবাক করা আদি সামগ্রী

42 মন্তব্য(গুলি)
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া
উপকূলীয় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ভাষায় তালপাতার ওপরে লেখা পুঁথি। বৌদ্ধভিক্ষুকে খাবার সরবরাহ করা কাঠের পাত্র। শূকর শিকার করা লেজা। ভারি ছেনি। গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি। সাগরপাড়ের জনপদ কলাপাড়া উপজেলার আদিবাসিন্দা রাখাইনদের ব্যবহৃত পুরনো জিনিসপত্র মানুষ এখনো খুঁজে বেড়ায়। এসব জিনিসপত্র এখন ব্যবহার না লাগলেও রাখাইনদের অনেকের বাড়িতে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। যা দেখে কলাপাড়ায় আগত লোকজন জানতে পারে এ জনপদের অনেক অজানা কাহিনী। শুনতে চায় আদিবাসীদের সেকালের জীবনযাত্রা। হিংস্র শ্বাপদসংকুল জনপদ কিভাবে হয়েছে বাসযোগ্য। কুয়াকাটায় আসা পর্যটকরা এসব দেখা ও জানার জন্য ভিড় জমায় রাখাইন পল্লীতে।রাখাইনদের হারানো ওইসব ঐতিহ্যসামগ্রী এখন পড়ে আছে প্রবীণদের কাছে অযত্নে-অবহেলায়। রাখাইন সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে আলাপ করলে তারা জানান, ব্যবহারের জিনিসপত্র সংরক্ষণ করা তো দূরের কথা এখন তাদের জীবন-জীবিকাই চলে না। তারা জানান, আদিবাসীদের চরম দুর্দশার কথা। কীভাবে রাখাইনদের এ দেশে আগমন। কীভাবে বসতি স্থাপন শুরু হয় গহিন অরণ্য ও শ্বাপদসংকুল জনপদে। এদের ভিন্নমাত্রার জীবনযাপন সম্পর্কে জানা যায় বহু অজানা তথ্য। একসময়ের দাপটের সঙ্গে এই আদিবাসীদের বসবাসের কথা শুনলে মনে হয় যেন রূপকথার গল্প। অনেক পরিবার টং ঘর তুলে একেক জায়গায় বসতি গড়ে তোলে। প্রত্যেক পাড়ায় পুকুর ছিল নিজেদের ব্যবহারের। যে পুকুরের পানিতে ফুটে থাকত লালপদ্ম। স্বচ্ছ টলমল পানিতে পা ধোয়া ছিল বড় ধরনের অপরাধ। যে কেউ এই নিয়ম অমান্য করলে তাকে জরিমানা করা হতো। রাতেরবেলা রাখাইন পল্লীতে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রবেশ ছিল নিষিদ্ধ। রাখাইন পল্লীর মাদবরের নির্দেশ অমান্যকারীর তো এলাকায় বসবাস করা কোনোভাবেই সম্ভব হতো না। এসব কথা শোনার জন্যে এখনো রাখাইন পল্লীতে ভিড় জমায় দেশ-বিদেশের বহু পর্যটক-দর্শনার্থী। মানুষ শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বয়োবৃদ্ধ রাখাইনদের দিকে। প্রত্যেক রাখাইন পরিবারের টং ঘরের নিচে থাকত একটি করে তাঁত। নিজেদের পরিধেয় লুঙ্গি, চাদর, মেয়েদের টুপার্টের জামা-কাপড় তৈরি করা হতো ওই তাঁতে। তাঁত বোনার ঠকঠক শব্দ শোনা যেত রাখাইন পল্লীতে হাঁটতে গেলে। এখন কালের বিবর্তনে, আর্থিক চরম দৈন্যদশায় তাঁতসামগ্রী হারিয়ে গেছে। আর জীবিকার প্রয়োজনে অনেকে এখনো কোনোমতে উল বুননের কাজে নেমেছে। অবস্থা এমন হয়েছে যে, ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত ঠিকভাবে পালন করা হয় না অধিকাংশ রাখাইন পল্লীতে। রাখাইন শিশুদের নিজেদের ভাষা শেখার স্কুল ছিল প্রত্যেক রাখাইন পাড়ায়। যেখানে একজন করে রাখাইন ধর্মীয় শিক্ষক ছিল। এখন নতুন প্রজন্মের কাছে এসব গল্পের মতো মনে হয়। এমনকি খোদ রাখাইন শিশুদের কাছেই এসব অবিশ্বাস্য মনে হয় বলে অধিকাংশ শিশুর মন্তব্য। যেন নিজের সংস্কৃতি নিজের কাছে অচেনা মনে হয়। প্রবীণ রাখাইন নেতা উসুয়ে হাওলাদার (৬৫) জানান, রাখাইনদের প্রত্যেক পল্লীতে নিজেদের ব্যবহারের ধরন অনুযায়ী অনেক কিছু ছিল। যেমন চিড়া বানানোর জন্য ঢেঁকির আদলে কুড়িয়া ছিল। স্বচ্ছ টলমলে পানি থাকত রাখাইন পাড়ার পুকুরে। যেখানে পা ভিজানো ছিল নিষিদ্ধ। কাকডাকা ভোরে রাখাইন যুবরা পানি সংগ্রহ করত। কাকে গোসল করে গেলে ওই পয়েন্টের ঘোলা পানি সংগ্রহ করত রোগ-বালাই দূর করার আশায়। সাগরপাড়ের জনপদের আদিবাসী রাখাইনদের নিজস্ব পুরনো জিনিসপত্র সংগ্রহশালায় সংরক্ষণ করা খুবই জরুরি। এক্ষেত্রে কলাপাড়া পৌরশহরের রাখাইন পল্লীতে বৌদ্ধবিহার এলাকায় একটি মিউজিয়াম করা যেতে পারে বলে রাখাইনদের অভিমত।